
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় দফার সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগরের দুই প্রশাসক। তারা বলেন, রাজধানীর প্রধান প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের অন্যতম কারণ হিসেবে বিদ্যমান বাস টার্মিনালগুলোর অবস্থান চিহ্নিত করা হয়েছে। এ কারণে নগর পরিকল্পনা ও যানবাহন চলাচলের সুবিধা বিবেচনায় সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
সভায় রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে যানজট নিরসনে চলমান বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন পরিস্থিতিও আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যানজট দেশের অর্থনীতি, উৎপাদনশীলতা ও নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। তিনি নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও নগর প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
সভায় রাজধানীর যানজট নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন, গণপরিবহন ব্যবস্থার সংস্কার, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.