
নরসিংদী শহরের বিলাসদী এলাকায় এক সাংবাদিকের বাসায় দিনের আলোতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। চোরচক্র বাসা থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম মতি নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মো. শফিকুল ইসলাম মতি স্যাটেলাইট টেলিভিশন ‘গ্লোবাল টিভি’ এবং ‘দৈনিক নবচেতনা’ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাসা থেকে বের হন সাংবাদিক মতি। এ সময় তার মেয়ে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন এবং স্ত্রী বাসার ছাদে কাপড় শুকাতে যান।
ওই সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র ঘরের দরজার পাশে রাখা চাবি ব্যবহার করে তালা খুলে বাসার ভেতরে প্রবেশ করে। পরে ঘরের সুকেসের ড্রয়ার ভেঙে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর বাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরার সংযোগ তার কেটে নিয়ে গেছে। এতে ধারণা করা হচ্ছে, চুরির ঘটনার আলামত নষ্ট ও নিজেদের পরিচয় গোপন করতেই তারা এ কৌশল অবলম্বন করেছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম মতি বলেন, “আমার বাসায় সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম বলেন, “অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.