
হকার কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী রাস্তার পাশে বসলে উচ্ছেদ করতে সময় লাগে না আধঘণ্টাও। কিন্তু ক্ষমতার দাপট আর টাকার জোর থাকলে যে আস্ত একটি সরকারি ফুটপাতই গিলে খাওয়া যায়—তারই এক চাক্ষুষ প্রমাণ মিললো নরসিংদী শহরের প্রাণকেন্দ্র ডিসি রোডে।
দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি আবদুল কাদির মোল্লার বহুতল ও দৃষ্টিনন্দন ভবনের আগ্রাসনে এখানে স্রেফ হাওয়া হয়ে গেছে জনগণের হেঁটে চলার পথ। পৌরসভার কোটি টাকার গাইড ওয়াল ভেঙে এই প্রকাশ্য দখলদারিত্ব চললেও এক অদৃশ্য মায়ায় এতদিন অন্ধ সেজে ছিল পৌর কর্তৃপক্ষ। তবে সংবাদকর্মীদের অনুসন্ধানী প্রশ্নের মুখে অবশেষে ভেঙেছে সেই ‘রহস্যময় নীরবতা’। টনক নড়েছে প্রশাসনের।
শনিবার সরেজমিনে নরসিংদী স্টেডিয়ামের উত্তর পাশে গিয়ে দেখা যায় এক অবিশ্বাস্য ও চরম বৈপরীত্যের দৃশ্য। যে ফুটপাত দিয়ে সাধারণ মানুষের নিরাপদে হাঁটার কথা, সেটি এখন অবরুদ্ধ। সেখানে নিয়মকানুনের তোয়াক্কা না করে চলছে এক রাজকীয় ভবনের নির্মাণকাজ। ফলে পথচারীরা বাধ্য হয়ে জীবন হাতে নিয়ে হাঁটছেন ব্যস্ততম মূল সড়ক দিয়ে। যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নরসিংদী পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও দীর্ঘদিন তারা কোনো ব্যবস্থা নেয়নি। দেশজুড়ে যখন অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর ভূমিকা প্রশংসা কুড়াচ্ছে, তখন নরসিংদীর কেন্দ্রস্থলে এমন প্রকাশ্য দায়মুক্তির সংস্কৃতি জনমনে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করেন নরসিংদী পৌর প্রশাসক মোছা. নাদিরা আক্তার। এবার তিনি প্রভাবশালীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়ে বলেন "আমরা ওই কাজ আপাতত বন্ধ করে দিয়েছি। ভবন কর্তৃপক্ষকে অবৈধ অংশ সরাইয়া নিতেই হবে। ওটা আমরা কোনোভাবেই করতে দেবো না। আর আগে ফুটপাতের যা ক্ষতি করা হয়েছে, ওটাও তারা কারেকশন বা মেরামত করে দেবে।"
আমাদের সিইও ইতিমধ্যে স্পট পরিদর্শন করেছেন। আজকে ব্যস্ততা থাকায়, কালকে আমি ও সিইও দুজনেই সশরীরে যাবো। আইন অনুযায়ী যা হয়, পরিদর্শন শেষে আমরা চূড়ান্ত বিচার করবো।”সে কেন ফুটপাত ভাঙলো, তার কারণ জানতে চেয়ে কিছুক্ষণের মধ্যেই পৌরসভা থেকে চিঠি পেয়ে যাবে।
শুধু তাই নয়, ২০০৮ সালেও তারা রাস্তার ওপর অবৈধ ‘র্যাম্প’ বানিয়ে জায়গা নিয়ে নিয়েছিল। এবার সেই ২০০৮ সালের র্যাম্পের ক্ষতিপূরণও তাদের দিতে হবে।”এই গুরুতর অভিযোগের বিষয়ে জানতে এবং ফুটপাত ভাঙার সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে শিল্পপতি আবদুল কাদির মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাঁর প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল কর্মকর্তাও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে আইন লঙ্ঘনের সপক্ষে তাদের কোনো প্রাতিষ্ঠানিক দাবি জানা সম্ভব হয়নি।
পৌর প্রশাসকের এই আকস্মিক ও কঠোর তৎপরতাকে নরসিংদীর সচেতন মহল সাধুবাদ জানালেও পুরোপুরি শঙ্কা কাটছে না সাধারণ মানুষের।
স্থানীয়দের মতে, অতীতেও প্রভাবশালীদের বিরুদ্ধে এমন অনেক নির্দেশ কেবল ‘চিঠি চালাচালি’ আর ফাইলের নিচে চাপা পড়ে গেছে। নরসিংদীর সচেতন নাগরিকদের স্পষ্ট দাবি—শুধু কালক্ষেপণ নয়, অনতিবিলম্বে এই অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ফুটপাতটি যেন পুরোপুরি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং ক্ষমতার দাপট দেখানো এই শিল্পপতির দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.