
চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন ২০২৬) সকালে চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৯টায় “বিস্তৃত পরিসরে উদ্ভাবন” (Innovating at Scale) শীর্ষক প্ল্যানারি সেশন শুরু হয়।
এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।সেশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে সেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্ল্যানারি সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশগ্রহণ করেন।সেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।
এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এ ছাড়া সেশনের বিরতিতে অংশগ্রহণকারী বিশ্বনেতারা এক যৌথ ফটোসেশনে অংশ নেন, যেখানে বৈশ্বিক সহযোগিতা ও অংশীদারিত্বের বার্তা তুলে ধরা হয়।
বিশ্ব অর্থনীতি ও উদ্ভাবনকেন্দ্রিক এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের ক্রমবর্ধমান বৈশ্বিক সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.