
দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের জন্য চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে ৩০০টি ক্রীড়া কার্ডের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের ভাতা প্রদান করা হচ্ছে।
রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়ার উন্নয়ন ও ক্রীড়াবিদদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ক্রীড়া কার্ডের সংখ্যা আরও ২০০টি বৃদ্ধি করে মোট ৫০০টিতে উন্নীত করা হবে, যাতে অধিক সংখ্যক ক্রীড়াসেবী ও ক্রীড়াবিদ এ সুবিধার আওতায় আসতে পারেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে সরকার শূন্য থেকে কার্যক্রম শুরু করেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের ফুটবল বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
পরে ক্রীড়া প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.