
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও স্মরণমূলক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচির সূচনা হবে ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। একই দিন ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনসমূহের সংহতি সভা এবং ‘জুলাই থেকে জনপদে’ শীর্ষক বিচার ও গণভোট বাস্তবায়নে উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে।
২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি চলবে। এছাড়া ৫ থেকে ৯ জুলাই অনুষ্ঠিত হবে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
কর্মসূচির অংশ হিসেবে ১০ জুলাই ‘বাংলাদেশি সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ: লেখক-বুদ্ধিজীবীর দায়’ শীর্ষক আলোচনা সভা, ১৪ জুলাই জুলাই নারী সমাবেশ এবং ১৫ জুলাই ‘কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পরদিন ১৭ জুলাই ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই পালিত হবে ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে’।
পরবর্তী কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ১৯ জুলাই ‘উত্তরার রক্তাক্ত জুলাই’ স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২০ জুলাই ‘জুলাইয়ের যাত্রাবাড়ী: মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’, ২২ জুলাই ‘সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা’ এবং ২৩ জুলাই আহতদের অভিজ্ঞতা নিয়ে ‘আহতের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি’ শীর্ষক আলোচনা।
২৪ জুলাই জুলাই যুব কনভেনশন ও ‘অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা’ অনুষ্ঠান, ২৫ জুলাই শ্রমিক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ২৬ জুলাই ‘সাদা পোশাকের জালিম’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থান ও উদ্যোক্তার বাংলাদেশ’ বিষয়ে আলোচনা হবে।
৩০ জুলাই ‘ফিরে দেখা জুলাই’ এবং ‘হ্যাশট্যাগ থেকে গণঅভ্যুত্থান’ শীর্ষক দুটি পৃথক আয়োজন থাকবে। ৩১ জুলাই ‘স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস’ শীর্ষক শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।
আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে ১ আগস্ট ‘দেশপ্রেমের ইউনিফর্ম’ ও ‘সংবাদে গণঅভ্যুত্থান’, ২ আগস্ট ‘জুলাইয়ের দ্রোহযাত্রা’ এবং গণঅভ্যুত্থানের অগ্নিস্বর ও জুলাই স্মরণিকা প্রকাশ। ৩ আগস্ট ‘জনতার এক দফা’, ৪ আগস্ট আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ‘শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি’ শীর্ষক মতবিনিময় এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।
এনসিপি নেতারা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়কে শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.