
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে বড় দুই চমকের জন্ম দিয়েছে প্যারাগুয়ে ও মরক্কো। টাইব্রেকারের নাটকীয়তায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং ইউরোপের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে দুই দল।
স্থানীয় সময় সোমবার বার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচে জার্মানি ও প্যারাগুয়ে ১-১ গোলে সমতায় থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের লড়াই শেষে ভাগ্য নির্ধারণ হয় স্পটকিকে।
সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। ম্যাচে প্রথমে এগিয়ে যায় প্যারাগুয়ে, পরে সমতা ফেরায় জার্মানি। অতিরিক্ত সময়ে জার্মানির একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়ায় হতাশা বাড়ে তাদের শিবিরে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্যর্থতাই বিশ্বকাপ থেকে বিদায়ের কারণ হয়ে দাঁড়ায় জার্মানদের।
অন্যদিকে মন্টেরেতে নেদারল্যান্ডস ও মরক্কোর ম্যাচেও দেখা যায় একই নাটকীয়তা। দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে কডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। কিন্তু যোগ করা সময়ে ইসা দিয়োপের হেডে সমতা ফেরায় মরক্কো। অতিরিক্ত সময়েও কোনো দল জয়ের গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে মরক্কো। গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং সতীর্থদের দৃঢ় মানসিকতায় নেদারল্যান্ডসের স্বপ্ন ভেঙে যায়।
একই দিনে ব্রাজিল জাপানকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়। দুই ইউরোপীয় জায়ান্টের অকাল প্রস্থানে বিশ্বকাপের নকআউট পর্ব আরও অনিশ্চিত ও রোমাঞ্চকর হয়ে উঠেছে।
এখন শেষ ষোলোর মঞ্চে নিজেদের স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে প্রস্তুত প্যারাগুয়ে ও মরক্কো। বিশ্বকাপের এবারের আসরে চমকের তালিকায় নতুন অধ্যায় যোগ করল দুই দলই।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.