
বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের এক অনন্য দলিল। তাঁর দাবি, স্বাধীনতার পর এ ধরনের জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও প্রণীত হয়নি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।
চীফ হুইপ বলেন, এ বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এটিকে ‘মানুষের বাজেট’, ‘জনবান্ধব বাজেট’ এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার বাজেট হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। অতীতের আর্থিক অনিয়ম, ব্যাংক খাতের সংকট, ডলারের মূল্যবৃদ্ধি এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতির প্রভাব এখনো অর্থনীতিতে বিদ্যমান। এ কারণে সরকার কেবল অবকাঠামো নির্মাণ নয়, দীর্ঘমেয়াদি জনকল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে।
মো. নূরুল ইসলাম বলেন, জনপ্রিয় মেগা প্রকল্পের পরিবর্তে সরকার জীবনমুখী পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষিতে পানির নিশ্চয়তা এবং দেশের পানি ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করা হবে। এগুলো প্রদর্শনমূলক নয়, বরং মানুষের প্রয়োজন পূরণের প্রকল্প।
তিনি জানান, বাজেটে ২৫ কোটি গাছ রোপণ, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন, কৃষক কার্ড, পরিবার কার্ড, নারীদের জন্য বিশেষ কার্ড, প্রবাসী সেবা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাবলম্বী সমাজ গড়ে তোলা।
সংসদীয় গণতন্ত্রের চর্চা প্রসঙ্গে চীফ হুইপ বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম বিরোধী দল বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় আগাম অংশগ্রহণ করেছে এবং গঠনমূলক ভূমিকা রেখেছে। তিনি জানান, বিরোধী দলের জন্য ২৬ শতাংশ সময় বরাদ্দ থাকলেও পরে তা বাড়িয়ে প্রায় ৩১ শতাংশ পর্যন্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেতার অনুরোধে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, এটি সরকার ও বিরোধী দলের সম্মিলিতভাবে দেশ গড়ার আন্তরিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চীফ হুইপ বলেন, প্রয়োজনীয় খাদ্যপণ্যের ৬৩টি আইটেমে কোনো কর বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ৫০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সহায়তা দেওয়া হবে, যাতে বিশেষ করে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়।
জুলাই আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম অত্যন্ত সাহসী ও দেশপ্রেমিক। তাঁদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে সংবিধান সংশোধনের বিকল্প নেই। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ সংশোধন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনের শেষে চীফ হুইপ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী বাজেট বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.