
নরসিংদীর মনোহরদী উপজেলায় এক শিশুকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৯ জুলাই ) দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান (৮) নামে এক শিশু দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাছিমপুর গ্রামে তার মামার বাড়ির পাশ দিয়ে একা হাঁটছিল। এ সময় দুই যুবক তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
শিশুটির চিৎকার শুনে অদূরে মাছ শিকাররত তার দুই মামাসহ স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুই যুবককে আটক করেন।
পরে স্থানীয়রা আটক দুই যুবককে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।
শিশু ফারহানের বাবা তোফাজ্জল হোসেন। পরিবারটি মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.