
নরসিংদীর মাধবদীতে বিদেশি পিস্তল, গুলি ও ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পাঁচদোনা মোড় থেকে ঘোড়াশালগামী সড়কের নলুয়া এলাকায় এক ট্রাকচালক তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার তথ্য পাওয়ার পর নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় মাধবদী থানার এসআই (নিরস্ত্র) আবু ইউসুফ-এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড ৭.৬২ মিমি তাজা গুলি এবং ছিনতাইকৃত টাকার মধ্যে ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ১. শুভ (২২), পিতা: মৃত মিজান, সাং- পাঁচভাগ শ্রীনগর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী। ২. ফাহিম (২৬), পিতা: হালিম মিয়া, সাং- পাঁচভাগ শ্রীনগর, থানা- মাধবদী, জেলা- নরসিংদী।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় মাধবদী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৬ ও ৭, তারিখ ০৪ আগস্ট ২০২৬। এর মধ্যে অস্ত্র আইনের ১৯(এফ)/১৯(এ) এবং দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে ৪ আগস্ট বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিক উপস্থিত সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নরসিংদী পুলিশের কার্যকর ভূমিকার বিষয়েও বক্তব্য দেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.