
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ক্রমেই বাড়ছে।
এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান)। তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে এক লিখিত বার্তায় উন্নয়ন, সুশাসন ও জনসেবার অঙ্গীকার তুলে ধরে সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
লিখিত বক্তব্যে আক্তারুজ্জামান ভূঞাঁ বলেন, আদিয়াবাদ ইউনিয়নই তাঁর জন্মভূমি। এই জনপদের মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং জীবনসংগ্রামের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তাঁর বাবা মরহুম আব্দুল মজিদ ভূঞাঁ (মজিদ মাস্টার) এলাকার একজন সুপরিচিত সমাজসেবক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং একসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বাবার সেই আদর্শ, সততা ও জনসেবার চেতনাকে ধারণ করেই তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
তিনি বলেন, অতীতে দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন পেয়েছেন। নির্বাচনে জয়-পরাজয় থাকলেও মানুষের আস্থা ও ভালোবাসাই তাঁকে আবারও নির্বাচনী মাঠে ফিরিয়ে এনেছে।
এবার তিনি উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
মো. আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি মরহুম আব্দুল মজিদ ভূঞাঁ (মজিদ মাস্টার)-এর সন্তান।
পারিবারিকভাবে জনসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের সদস্য হিসেবে তিনি এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। এর আগে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি উল্লেখযোগ্য ভোট ও জনসমর্থন অর্জন করেন।
আক্তারুজ্জামান ভূঞাঁ জানান, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা, অবহেলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকবান্ধব উদ্যোগ গ্রহণ, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবেন। পাশাপাশি সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া তাঁর কাছে কোনো পদ বা মর্যাদার বিষয় নয়; বরং এটি জনগণের সেবা করার একটি দায়িত্ব। তিনি আজীবন আদিয়াবাদবাসীর সুখে-দুঃখে পাশে থেকে একজন বিশ্বস্ত সন্তান হিসেবে কাজ করতে চান।
এদিকে ইউনিয়নজুড়ে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণা বাড়তে শুরু করেছে। স্থানীয়দের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক সমীকরণ ও প্রার্থীদের কার্যক্রম আরও দৃশ্যমান হবে। সেই প্রেক্ষাপটে আক্তারুজ্জামান ভূঞাঁ (জামানের) প্রার্থী হওয়ার ঘোষণা আদিয়াবাদ ইউনিয়নের নির্বাচনী অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
সবশেষে তিনি আদিয়াবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, "জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত, নিরাপদ, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব আদিয়াবাদ ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.