
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দল। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এমপির নেতৃত্বে শনিবার প্রতিনিধি দলটি জাদুঘর পরিদর্শন করে।
পরিদর্শনকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপিসহ দল ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মো. নাহিদ ইসলাম বলেন, এর আগেও তারা এই জাদুঘর পরিদর্শন করেছিলেন। এবার এসে জাদুঘরের প্রদর্শনীতে কিছু পরিবর্তন দেখতে পেয়েছেন বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘এখানে সীমান্ত হত্যার একটি সেগমেন্ট ছিল। সীমান্তে আমাদের যেসব ভাই-বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের একটি তালিকা ছিল। ফেলানির একটি ভাস্কর্যও ছিল। সেই বিষয়গুলো সরিয়ে ফেলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মোদি-বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, সেগুলোও সরিয়ে ফেলা হয়েছে। সরকার হয়তো ভারতকে খুশি করার জন্য এটি করেছে। কিন্তু আমাদের সম্পর্ক হতে হবে মর্যাদার ভিত্তিতে।’
এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের রাজনৈতিক ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে কোনোভাবেই দলীয় দৃষ্টিভঙ্গির প্রাধান্য দেওয়া উচিত নয়। জাদুঘরকে একটি নিরপেক্ষ ও জাতীয় ইতিহাস চর্চার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ইতিহাসের দলীয়করণ না করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা। এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও দলীয়করণ হয়েছে। একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গেছে, ইতিহাস পাল্টে গেছে।’
তিনি বলেন, ‘জাদুঘরের একটা জাতীয় চরিত্র থাকা উচিত, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে।’
নাহিদ ইসলামের মতে, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট শহীদ, আহত, আন্দোলনকারী এবং বিভিন্ন পর্যায়ের মানুষের ভূমিকা যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোনো পক্ষের রাজনৈতিক ব্যাখ্যার ওপর নির্ভর না করে ইতিহাসের প্রকৃত ঘটনাপ্রবাহ জানতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া উচিত।
তিনি বলেন, জাতীয় ইতিহাসকে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সম্পত্তিতে পরিণত করা হলে ইতিহাসের প্রতি সুবিচার করা হয় না। তাই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সব গুরুত্বপূর্ণ ঘটনা, আন্দোলনের প্রেক্ষাপট এবং সংশ্লিষ্টদের অবদান নিরপেক্ষভাবে তুলে ধরার ব্যবস্থা থাকা প্রয়োজন।
এনসিপি প্রতিনিধি দলের সদস্যরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক ও ঐতিহাসিক উপাদান পরিদর্শন করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.