
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য তিন জুলাই যোদ্ধাকে সিএনজি অটোরিকশা, প্যাডেলচালিত ও ব্যাটারিচালিত রিকশা উপহার দেওয়া হয়।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পৃথক দুই পর্বের অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়। নিয়োগপত্র হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পরিবারের খোঁজখবর নেন। তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসনে সরকারের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “সীমাবদ্ধতার মধ্যেও দেশকে বাস্তবতার নিরিখে এগিয়ে নিতে হবে। আমরা কী পেলাম, সেটি বড় কথা নয়; বরং আমরা দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ।” সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিয়োগপত্র পাওয়া ১০ পরিবারের সদস্যদের মধ্যে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের স্বজনরা রয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও রয়েছেন। এর আগে চাকরিতে যোগ দেওয়া শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্নাও অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, পরিবারের একজন সদস্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদি জীবিকা ও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
শুধু চাকরির মাধ্যমে পুনর্বাসন নয়, সরাসরি আয়-রোজগারের সুযোগ তৈরিতেও উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। একই দিনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তিন যোদ্ধার হাতে একটি সিএনজি অটোরিকশা এবং প্যাডেলচালিত ও ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের তথ্য অনুযায়ী, তিন যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যেই এসব বাহন দেওয়া হয়েছে।
সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি আহত হন। পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করতেন তিনি। প্রধানমন্ত্রী তাঁকে নতুন বাহন দেওয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কুষ্টিয়ার আলমডাঙ্গার মো. গফফার পেয়েছেন দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই আন্দোলনের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের পানি সরবরাহের পাশাপাশি আহতদের হাসপাতালে পৌঁছে দিতে তিনি ভূমিকা রাখেন। নতুন রিকশাগুলোর একটি নিজে চালিয়ে এবং অন্যটি ভাড়ায় দিয়ে জীবিকা নির্বাহের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
অন্যদিকে বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশু পেয়েছেন দুটি ব্যাটারিচালিত রিকশা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাঁকে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরি এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থানের উপকরণ দেওয়ার এই উদ্যোগকে পুনর্বাসনের বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতে একদিকে শহীদ ও আহতদের পরিবারের জন্য স্থায়ী আয়ের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিজেদের পায়ে দাঁড়ানোর পথও তৈরি হচ্ছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিতদের উদ্দেশে বলেন, নিজেদের বা আপনজনদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ আজ মুক্ত পরিবেশে বসবাসের সুযোগ পেয়েছে। যাঁদের হারানো হয়েছে, যাঁরা শারীরিকভাবে আহত হয়েছেন কিংবা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন—তাঁদের আত্মত্যাগের পেছনে বাংলাদেশকে আরও ভালো করার আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের জীবিকা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.