
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আগামী পাঁচ বছরের জন্য কৌশলগত কাঠামো নির্ধারণের লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করে এর কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) নিশ্চিত করেছেন।
পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত তিনটি গ্রাম হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে এসব গ্রামের দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা ও কৃষিজমি নিষ্কাশন সমস্যার সমাধান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস এবং বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির মাধ্যমে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি বলেন, কোনো একটি মন্ত্রণালয় বা বিভাগের একক প্রচেষ্টায় এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এ জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। ‘কাউকে পেছনে ফেলে নয়’—এসডিজির এই মূলনীতির সঙ্গে সরকারের জননীতিরও সামঞ্জস্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সরকারের লক্ষ্য ‘সবার জন্য বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময়ের অব্যবস্থাপনায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার পথে এসডিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। একইভাবে এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ যথাযথ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, জাতীয় পর্যায়ের নীতিগত লক্ষ্যকে স্থানীয় পর্যায়ে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, কৃষি এবং স্থানীয় অবকাঠামোর মতো মৌলিক বিষয়গুলোকে একই উন্নয়ন কাঠামোর আওতায় আনার মাধ্যমে গ্রামভিত্তিক সমন্বিত উন্নয়নের মডেল তৈরি করা হবে।
জাতীয় সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের প্রত্যাশা, পাইলট হিসেবে নির্বাচিত তিন গ্রামের অভিজ্ঞতা মূল্যায়ন করে ভবিষ্যতে দেশের অন্যান্য প্রত্যন্ত ও পিছিয়ে থাকা এলাকাতেও সমন্বিত এসডিজি বাস্তবায়ন কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনকে আরও কার্যকরভাবে যুক্ত করা যাবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.