
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ পরিদর্শনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক দুর্গাপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি কাঁঠাল ও একটি আমগাছের চারা রোপণ করেন।
এরপর হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়, কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান ও পরিবেশের খোঁজ নেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও ছাতা বিতরণ করেন। ভূমি অফিসে জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বিকেলে উপজেলা পরিষদে পৌঁছালে ইউএনও উম্মে হাবিবা ফারজানা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপজেলা শিশু পার্ক পরিদর্শন করে সেখানে একটি নিম ও একটি বেলগাছের চারা রোপণ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, “মাদক নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর।” পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.