
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রবীণ নেতা ও দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলার শুরু স্থানীয় পর্যায়ের রাজনীতি থেকে। পরবর্তীতে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন। দলের মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন তিনি। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় হন ফখরুল। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে তিনি সংগঠনটির সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাধারণ সম্পাদক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তাঁর ছাত্ররাজনীতির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
ছাত্ররাজনীতির পর মির্জা ফখরুল শিক্ষকতা পেশায় যুক্ত হন। ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতি পড়িয়েছেন তিনি। পরবর্তী সময়ে সরকারি চাকরিতেও দায়িত্ব পালন করেন। আশির দশকে সরকারি চাকরি ছেড়ে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশের পথ তৈরি করেন।
স্থানীয় রাজনীতিতে তাঁর উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ঠাকুরগাঁও পৌরসভা। ১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।
এরশাদবিরোধী আন্দোলনের সময় জাতীয় রাজনীতিতে তাঁর সক্রিয়তা বাড়ে। নব্বইয়ের দশকের শুরুতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। ১৯৯২ সালে তাঁকে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি করা হয়। এরপর ধীরে ধীরে তিনি দলের জাতীয় পর্যায়ের নেতৃত্বে উঠে আসেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি পরাজিত হন। ১৯৯৬ সালের নির্বাচনেও তিনি জয়ী হতে পারেননি। তবে ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে তাঁকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। ২০০৬ সালে বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের নির্বাচনের পর বিএনপির জাতীয় রাজনীতিতে মির্জা ফখরুলের গুরুত্ব আরও বাড়ে। ২০০৯ সালের বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিএনপির অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন।
২০১১ সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরে ২০১৬ সালে দলের মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক আন্দোলন এবং দলীয় বক্তব্যে নেতৃত্ব দিয়েছেন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই সময়ে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। স্থানীয় পর্যায়ের নেতৃত্ব থেকে দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে—মির্জা ফখরুলের এই রাজনৈতিক উত্থান বাংলাদেশের সমকালীন রাজনীতিতে আলোচিত ঘটনা হয়ে উঠেছে।
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনও এবারের নির্বাচনকে বিশেষ তাৎপর্য দিয়েছে। নতুন রাষ্ট্রপতির সামনে এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.