
নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ভোজ্যতেলে পরিমাপে কারচুপি, অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এন এস কো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে সাহেপ্রতাপ এলাকার এন এস কো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেড প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অনিয়ম পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ফর্টিফায়েড সয়াবিন তেলের প্রতি ১ হাজার ৮০০ মিলিলিটারের বোতলে ৬০ মিলিলিটার এবং ৯০০ মিলিলিটারের বোতলে ৪০ মিলিলিটার কম তেল সরবরাহ করছিল।
এ ছাড়া বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়াই ‘রুপালী ইলিশ’, ‘রুপালী চান্দা’ ও ‘পুষ্প’ ব্র্যান্ডের নামে তেল বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। একই ঠিকানা ব্যবহার করে চারটি ভিন্ন প্রতিষ্ঠানের নামে ফর্টিফায়েড সয়াবিন তেল মোড়কজাত ও বাজারজাত করারও তথ্য পাওয়া যায়।
অভিযানে আরও অভিযোগের সত্যতা পাওয়া যায় যে, পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৪৫০, ৯০০, ১ হাজার ৮০০ ও ৪ হাজার ৫০০ মিলিলিটার আকারের বোতলে তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।
পাশাপাশি তেলে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন না করা, বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়াই পণ্যের লেবেলে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের অনিয়মও পাওয়া যায়।
এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। ফলে সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোহাম্মদ শফিকুল আলম এবং সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, নিম্নমানের পণ্য, পরিমাপে কারচুপি এবং অনুমোদনবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.