
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ঝরে পড়া রোধ, মেয়েদের উপবৃত্তি এবং বিদ্যালয় পর্যায়ে পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন পর্যালোচনা করা হয়। আলোচনায় উঠে আসে, মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে ওই কর্মসূচি ইতিবাচক ভূমিকা রেখেছিল।
এ পরিপ্রেক্ষিতে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং কর্মসূচিটির প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে ছেলেদের শিক্ষায়ও উৎসাহ বাড়াতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়টি আলোচনা করা হয়। শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষা থেকে ঝরে পড়ার হার কমানো এবং শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমে খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। খাবারের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দেন তিনি।
মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নের দুটি বিকল্প পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কার্যকর ও টেকসই পদ্ধতি নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম আরও কার্যকর করা এবং শিক্ষা ক্ষেত্রে আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা কমানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.