
নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশী চান মিয়ার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইসমাইল হোসেনের পরিবার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইসমাইল হোসেন, প্রবাসী রিপন মিয়া, হামলায় আহত শামিমা আক্তার ও জোবেদা খাতুন। এ সময় ইব্রাহিম, খাদিজা আক্তারসহ পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেনের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের মোট ৮৬ শতাংশ জমির মধ্যে ৭৭ শতাংশ তাদের দখলে রয়েছে। বাকি জমি প্রতিবেশী চান মিয়ার পরিবারের লোকজন দখল করে রেখেছেন বলে অভিযোগ তাদের। জমি নিয়ে বিরোধটি স্থানীয়ভাবে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও পরে তা আদালত পর্যন্ত গড়ায়।
ভুক্তভোগীদের দাবি, আদালতের রায়ে জমিটি তাদের পক্ষে যাওয়ার পরেও বুধবার শালিসের কথা বলে তাদের ডেকে নেওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটিয়া লোকজন দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ইসমাইল হোসেনের পরিবারের কয়েকজন সদস্য আহত হন। একই সময় তাদের পরিহিত স্বর্ণালংকারও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তারা।
হামলায় আহতরা পরে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর প্রতিবেশী চান মিয়ার পক্ষের লোকজন এলাকায় মাদকসেবীদের মাধ্যমে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.