
নরসিংদীর মনোহরদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদি এলাকার একটি কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৪৫), অলিম উদ্দিনের ছেলে বিপ্লব (৪০), এবাদুল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং আবুল হোসেনের ছেলে সেলিম ভূইয়া (৩৬)।
পুলিশ জানায়, মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কীর্তিবাসদি গ্রামের স্থানীয় শ্যামল ঠাকুরের ভাড়াটিয়া কলাবাগানে অভিযান চালায়। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত ১৫৬টি তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ১১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.