
নরসিংদী প্রেসক্লাবে ‘উলামা পরিষদ নরসিংদী জেলা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আল্লামা রফিকুর রহমান।
সভায় আলোচনার মাধ্যমে ‘উলামা পরিষদ নরসিংদী জেলা’র নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে মুফতি আবদুর রহিম কাসেমি এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মোস্তফা আল ফারুকীর নাম ঘোষণা করা হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, নরসিংদী জেলার প্রতিটি উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের উলামা পরিষদ এবং বিভিন্ন দ্বীনি সংগঠনের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করে তাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় বলা হয়, বিভিন্ন মতাদর্শ ও ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ডের ক্ষেত্রে সংগঠনটি সচেতন ও সতর্ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে ইসলামের বিধান ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টার বিরুদ্ধে দায়িত্বশীল ও আইনসম্মত উপায়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার কথা জানানো হয়।
এ ছাড়া নরসিংদী জেলার কোনো আলেম-ওলামা অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা বা সংকটে পড়লে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। সমস্যা উদঘাটন করে সঠিক, সম্মানজনক ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও সভায় জানানো হয়।
বক্তারা আরও বলেন, ‘উলামা পরিষদ নরসিংদী জেলা’ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেশের প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে সুশৃঙ্খল, নৈতিক ও আদর্শ সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখতে চায়। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবেশ তৈরিতে সংগঠনটি কাজ করবে।
সভায় বিশেষ ঘোষণা হিসেবে জানানো হয়, ‘উলামা পরিষদ নরসিংদী জেলা’র উদ্যোগে আগামী এক মাসের মধ্যে নরসিংদী জেলায় একটি বৃহৎ ‘ওলামা কনফারেন্স’ আয়োজন করা হবে। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামাদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তি, অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার মাধ্যমে জেলার আলেম-ওলামাদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.