
রাজধানীর গুলশান-২-এর ৬ নম্বর সড়কে অবস্থিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি সরকারি বাংলো সংস্কারে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে মাত্র ৩০ লাখ টাকা ব্যয়ে সংস্কারের প্রাক্কলন করা হলেও কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান বিল জমা দিয়েছে প্রায় ৩ কোটি টাকা। অর্থাৎ প্রাথমিক প্রাক্কলনের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ১০ গুণ। অভিযোগ রয়েছে, সরকারি ক্রয়বিধি অনুসরণ না করে দরপত্র ছাড়াই পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। বিষয়টি নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্তেও অনিয়মের তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও এখনো তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দৃশ্যমান নয়।
রাজউকের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের উপযোগী করতে বাংলোটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের ১০ এপ্রিল চেয়ারম্যানের দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ সম্পন্ন হওয়ার পর এ-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। সংস্কারকাজ তদারকির জন্য রাজউকের প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদকে সভাপতি এবং ডিজাইন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীনকে সদস্য সচিব করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
সংশ্লিষ্ট নথি অনুযায়ী, বাংলো সংস্কারে রাজউকের পরিচালন ও সংস্কার খাত থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রায় ৩ কোটি টাকার বিল দাখিল করে। প্রাক্কলিত ব্যয়ের তুলনায় এমন অস্বাভাবিক বৃদ্ধি কীভাবে হলো, সে প্রশ্নের পাশাপাশি উঠে এসেছে সংশোধিত প্রাক্কলন, প্রশাসনিক অনুমোদন ও আর্থিক ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন।
সংস্কারকাজে সরকারি ক্রয় আইন ২০০৬ এবং সরকারি ক্রয়বিধিমালা ২০০৮ যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উন্মুক্ত দরপত্র আহ্বান না করেই ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে কাজ দেওয়া হয়। এ ক্ষেত্রে কমিটির সদস্য সচিব তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, ৩০ লাখ টাকার প্রাথমিক প্রাক্কলনের বিপরীতে প্রায় ৩ কোটি টাকার বিল দাখিলের ক্ষেত্রেও প্রয়োজনীয় পূর্বানুমোদন, সংশোধিত প্রাক্কলন কিংবা অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আর্থিক ক্ষমতা অর্পণসংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগও সামনে এসেছে।
বাংলো সংস্কারকাজে অনিয়মের বিষয়টি প্রথম আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নজরে আনেন রাজউকের তৎকালীন বাস্তবায়ন শাখা-৪-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কায়সার। ২০২৪ সালের ৬ জুন তিনি দরপত্র ছাড়াই কার্যাদেশ প্রদান এবং সংস্কারকাজের ব্যয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত উল্লেখ করে রাজউক চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করেন।
তবে ঘটনার নতুন মোড় আসে মাত্র তিন দিন পর। ৯ জুন তিনি তাঁর দেওয়া অভিযোগপত্র প্রত্যাহার করে নেন। কী কারণে এবং কার নির্দেশনায় তিনি অভিযোগ প্রত্যাহার করেছিলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.