
দেশের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় উপস্থিত শিশু-কিশোর ও ক্রীড়াবিদেরা। স্টেডিয়ামের গ্যালারিতে অবস্থান নেওয়া হাজারো শিশু-কিশোর করতালি ও হাত নেড়ে তাঁকে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রীও তাদের অভিবাদনের জবাব দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এতে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া চীনা শিক্ষার্থীদের পরিবেশিত দেশটির ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স পরিবেশনাও উপভোগ করেন তিনি। অনুষ্ঠান শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী। আগের আটটি ইভেন্টের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরেরা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করা হবে। এর আগে গত ২ মে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরের উদ্বোধন করা হয়েছিল।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.