
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৭০ পিস ভারতীয় ইয়াবা, ২টি মোবাইল ফোন, নগদ ৩৯০ টাকা, ১৮টি শাড়ি, ১১টি কম্বল, আধা কেজি জিরা, দেড় কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি এবং ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম রবিউল আলম (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.