
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে ধানের আবাদ কমিয়ে অধিক লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। উৎপাদন ও সেচ খরচ কম হওয়া, রোগবালাইয়ের প্রকোপ কম থাকা এবং বাজারে ভালো দাম পাওয়ার কারণে গত কয়েক বছরে হাওরাঞ্চলে ফসলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠে এখন ভুট্টার সবুজ সমারোহ চোখে পড়ছে। কৃষকদের মতে, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে ঝামেলা ও খরচ দুটোই কম, এমনকি পোকামাকড়ের আক্রমণও নেই বললেই চলে।
ধোবাজোড়া গ্রামের কৃষক রুবেল মিয়া জানান, এক বিঘা জমিতে ভুট্টা চাষে তার ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। গত বছর তিনি এক বিঘা জমির ভুট্টা প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ন্যায্য দাম পেলে এবারও খরচের তুলনায় প্রায় তিন গুণ বেশি লাভ ও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, মাঠের ফসলের অবস্থা বর্তমানে বেশ ভালো রয়েছে এবং রোগবালাই প্রতিরোধে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মিঠামইন উপজেলা কৃষি অফিসার মোঃ ওবায়দুল ইসলাম খান অপু জানান, চলতি বছর উপজেলায় ২ হাজার ৬৫৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে হাওর থেকে আগাম পানি নেমে যাওয়া এবং কিছু এলাকায় বোরো ধান চাষে ঝুঁকি থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা বাড়তে পারে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ক্ষেতে রোগবালাই তেমন না থাকলেও আগাম পানি সরে যাওয়ায় কিছু জমিতে মাটির রস কমে গেছে, ফলে হালকা সেচের প্রয়োজন হচ্ছে। এ লক্ষ্যে সেচ স্কিমগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যে সার প্রাপ্তির বিষয়ে কৃষকরা অসন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় কৃষকদের অভিমত, উৎপাদিত ভুট্টার ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করা গেলে আগামীতে মিঠামইন উপজেলায় ভুট্টার আবাদ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.