
যশোরের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার আক্কাস হোসেন ও ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাজেদুল ইসলাম খানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
‘সাইফ খান’ নামে একটি ফেসবুক পেজ থেকে তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ওই ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট করা হয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে দুই বিজিবি কর্মকর্তার ছবি তৈরি ও বিকৃতভাবে উপস্থাপন করে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় ৪৯ বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে সাধারণ মানুষও এ ধরনের মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়েছেন।
৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল ইসলাম খান জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে দুই কর্মকর্তার ছবি তৈরি করে তাঁদের সম্মানহানি ও বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, মাজেদুল ইসলাম খান যশোরে দায়িত্ব গ্রহণের পর থেকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা বেড়েছে। নিয়মিত অভিযান ও নজরদারির ফলে সীমান্ত এলাকায় এসব অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমেছে বলে তাঁদের দাবি।সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি।
ব্যক্তিগত আক্রোশ কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি বিকৃত করে মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.