
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর সেতুর ওপর স্থাপিত ল্যাম্পপোস্টগুলোর নষ্ট বাতি সচল করে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার দাবিতে ফুটবল প্রতিযোগিতা ও সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকদের মতে, সেতুর ওপরের ল্যাম্পপোস্টগুলোর বেশ কিছু বাতি নষ্ট থাকায় রাতের বেলায় সেতুটি অন্ধকারে থাকে। এতে পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএসএস ফুলবাড়ীর প্রোগ্রাম অফিসার মো. নুরন নবী ইসলাম ও ঝরনা বেগম, অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর মো. হারিছুর রহমান এবং উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।
প্রতিযোগিতায় যুব সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন যুব গ্রুপের সদস্য, কমিউনিটির প্রতিনিধি এবং ধরলা নদীর আশপাশের এলাকার নারীরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
ফুটবল প্রতিযোগিতা শেষে ধরলা সেতুর ল্যাম্পপোস্টের নষ্ট বাতি এবং রাতের অন্ধকারে চলাচলের ঝুঁকি তুলে ধরে একটি সচেতনতামূলক পথনাটক পরিবেশিত হয়। পথনাটকের মাধ্যমে সেতুর প্রতিটি ল্যাম্পপোস্টের বাতি সচল রাখা, নষ্ট বাতি দ্রুত প্রতিস্থাপন এবং রাতে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার দাবি জানানো হয়।
আয়োজকরা মনে করেন, সেতুতে পর্যাপ্ত আলো থাকলে পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি কমবে। তাই জনস্বার্থে ধরলা সেতুর ল্যাম্পপোস্টগুলোর বাতি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.