
নরসিংদীর মনোহরদী উপজেলাকে সবুজ, স্নিগ্ধ, রঙিন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মাহামুদুল হাসান বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মনোহরদীকে সবুজ ও সুন্দর উপজেলায় রূপান্তর করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ জন্য তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সাবেক ভিপি গোলাম মোস্তফা, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দ, একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেম, উপজেলা যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম আফ্রাদ এবং হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একই দিনে মনোহরদী উপজেলার প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার চর্চা গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা।
আয়োজকদের আশা, একদিনে ৫ হাজার বৃক্ষরোপণের এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ মনোহরদী গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.