
গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) হাসপাতালে গিয়ে তিনি আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির অপারেশনস (অপস) রুম পরিদর্শন করেন। সেখানে তিনি অপারেশনস রুমের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি সূত্র জানায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০) মাথায় আঘাত পান। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাঁকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)। এতে লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ে ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এ সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট এবং সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.