
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জননিরাপত্তা, অর্থনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
এক আহ্বানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জনগণ গণতন্ত্রহীন ও অধিকারহীন রুদ্ধ পরিস্থিতি থেকে জীবন ও রাষ্ট্রের মুক্তির জন্য সার্বিক গণতন্ত্র প্রত্যাশা করেছিল। দলীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে সমগ্র জনগণের প্রতিনিধিত্ব এবং দেশের রাজনীতিকে গণতান্ত্রিক, সুস্থ, স্বাভাবিক, নিরাপদ ও স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনার আশা করেছিল। একই সঙ্গে অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যাশাও ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা হতাশ।
আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, ক্ষমতাসীনরা দলীয় স্বৈররাজনীতির গণ্ডির বাইরে জনগণের সংকট বুঝতে ও শুনতে আগ্রহী নন। তারা কেবল নিজ দলের লোকদের কথাই শোনেন এবং দলীয় স্বার্থে কাজ করেন। তার ভাষায়, মওদুদিবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ ও তালেবান জঙ্গিবাদের কুপ্রভাবে দেশে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র, গুন্ডাতন্ত্র ও দস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কৃত্রিম বিরোধী দলগুলো ধর্মের নামে ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু, গণতন্ত্রের শত্রু, এমনকি বিএনপিরও শত্রু। জঙ্গিবাদের কুপরামর্শে স্বৈরতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না করে দেশ, ধর্ম, গণতন্ত্র, অর্থনীতি এবং জনগণের জানমাল ও ইজ্জত রক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। প্রধানমন্ত্রী তা করতে পারলে তিনি কেবল প্রধানমন্ত্রীর পদে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রের পুনরুদ্ধারকারী হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকতে পারতেন।
প্রধানমন্ত্রীর পারিবারিক রাজনৈতিক ইতিহাস তুলে ধরে আল্লামা ইমাম হায়াত বলেন, প্রধানমন্ত্রীর পিতা একদলীয় স্বৈরতন্ত্র থেকে রাষ্ট্র ও গণতন্ত্রকে উদ্ধার করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। প্রধানমন্ত্রীর কাছেও ইতিহাসের সেই মুক্তির ঐতিহাসিক দায়িত্ব আবার এসেছে। কিন্তু গণতন্ত্রবিরোধী, রাজাকার, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক স্বৈররাজনীতির শক্তিগুলো প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে দেবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, রাষ্ট্র রক্ষায় মওদুদিবাদের কুপ্রভাব উপেক্ষা করে প্রধানমন্ত্রী নিজে গণতন্ত্রে উত্তরণের স্বাধীন ও সাহসী সিদ্ধান্ত নেবেন কি না, সে বিষয়ে জনগণ ও ইনসানিয়াত বিপ্লব আশার আলো দেখতে পাচ্ছে না। জঙ্গিবাদী ফ্যাসিবাদী রাজনীতির প্রভাবে দেশ ও রাজনীতি বিপজ্জনক এবং ভবিষ্যতের জন্য ধ্বংসাত্মক পথে এগোচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
দেশের জননিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, জননিরাপত্তা ও অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। দরিদ্র জনগণ সীমাহীন কষ্টে রয়েছে। রাজনীতি দস্যুতান্ত্রিক ও গুন্ডাতান্ত্রিক হয়ে উঠেছে এবং রাষ্ট্রও স্বৈরদস্যুতান্ত্রিক অবস্থায় রয়েছে। পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজনের বিরুদ্ধে মা-বোনদের ইজ্জত ও সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, বাক্স্বাধীনতা আতঙ্কজনক পর্যায়ে পৌঁছেছে। মানুষ ভয় ও অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বসবাস করছে।
তিনি আরও অভিযোগ করেন, মিথ্যা মামলা কিংবা মামলা ছাড়াই মব সৃষ্টি করে মানুষকে ধরে নিয়ে যাওয়া, খুন ও গুমের মতো ভীতিকর পরিস্থিতি আবারও তৈরি হয়েছে। তার মতে, এসব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক স্বৈররাজনীতির প্রভাব থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
আল্লামা ইমাম হায়াত বলেন, সাহসিকতার সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানবতার রাজনীতির বিকাশ ঘটানো সম্ভব হলে সব সংকট থেকে জীবন, ধর্ম ও রাষ্ট্রকে উদ্ধার করা যাবে। দেশে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফিরে আসবে। তবে জঙ্গিবাদী রাজনীতি গণতন্ত্র, জনগণের নিরাপত্তা ও অর্থনীতির গতিশীলতা ফিরিয়ে আনতে দেবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, গণতন্ত্র ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হলে জঙ্গিবাদী রাজনীতির হিংস্রতা, বিদ্বেষ, ষড়যন্ত্র ও ঘৃণার রাজনীতির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে। দূষিত ও কলুষিত পরিবেশ ছাড়া জঙ্গিবাদী এবং উগ্র জাতীয়তাবাদী স্বৈররাজনীতির বিকাশ সম্ভব নয়। যেমন ময়লা ছাড়া ময়লার বিষাক্ত কীট ও জীবাণু বাঁচতে পারে না।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.