
কিশোরগঞ্জের অষ্টগ্রামে থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধনের নামে জড়ো হয়ে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির চেষ্টা করার অভিযোগ উঠেছে। জয়বাংলা স্লোগান দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে অষ্টগ্রাম থানা পুলিশের ধাওয়ায় জড়ো হওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এ ঘটনায় নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১২টার দিকে অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন হৃদয় (পিতা সিরাজ মিয়া), সুমন (পিতা মৃত বাবুল মিয়া) ও তাঁর ছোট ভাই আল আমিন (পিতা মৃত বাবুল মিয়া), উপজেলা সদরের আলম দিঘীর পাড় এলাকার বাসিন্দা। তাঁদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অষ্টগ্রাম থানা পুলিশের বিরুদ্ধে মানববন্ধন করতে সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা জয়বাংলা স্লোগান দিয়ে নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড শুরুর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের ধাওয়ায় জড়ো হওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর আগে, মানববন্ধনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সম্প্রসারিত প্রশাসনিক ভবন এলাকায় নৈরাজ্য, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার তথ্য শনিবার (২৮ নভেম্বর) রাতেই প্রশাসনকে অবহিত করা হয়েছিল বলে জানিয়েছে অষ্টগ্রাম থানা পুলিশ। ওই তথ্যের ভিত্তিতে আগেই গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় অষ্টগ্রামেও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গতকাল রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) সদস্যদের কাছ থেকে তথ্য পাওয়া যায়, আজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে কেন্দ্র করে মানববন্ধনের ইস্যু তৈরি করে আওয়ামী লীগের পক্ষ থেকে নৈরাজ্য ও নাশকতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর আশঙ্কা রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে রাত থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
ওসি আরও বলেন, আজ সকালে হঠাৎ খবর আসে, অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তিরা খণ্ড খণ্ডভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান পরিচালনা করলে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনায় জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.