
নিরাপত্তাজনিত কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ও যাত্রীসেবা স্বাভাবিক রাখতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’।
শনিবার (২৮ নভেম্বর) থেকে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেনটির চলাচল শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থায় এই ট্রেন চলাচল অব্যাহত থাকবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) কার্যালয় থেকে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রীসাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, সম্ভাব্য রাজস্ব ক্ষতি এড়ানো এবং বিদ্যমান কোচ ও রোলিং স্টকের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনা করা হবে।
ট্রেনের সময়সূচি
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
অন্যদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ নির্ধারণ করা হয়েছে প্রতি সোমবার।
যেসব স্টেশনে থামবে
উভয় দিকের যাত্রায় ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন এই ট্রেনের কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা বিদ্যমান জাহানাবাদ এক্সপ্রেসের অনুরূপ রাখা হয়েছে।
এদিকে, ট্রেনটির নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকল্প রুটে খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থায় ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল করবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.