সম্পাদক
বিনোদন ডেস্কঃ
ট্রাব মিউজিক এ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেলেন ড. হোসনে আরা জলি। অনন্য এক গুণের স্বীকৃতি পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
ড. জলি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে গত বছর ‘বঙ্গকন্যা’ শিরোনামে একটি গান লিখেছি, সেই গানটির জন্য বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ আমাকে ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড ২০২২-এ শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কৃত করেছে। পুরস্কার পাওয়ার অনুভূতি শুধু অনুভব করতে হবে, এটি বলা যায় না।
তিনি যোগ করেন, আমি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। দেশের গান লিখতেই বেশি ভালোবাসি। তবে যে ধরনের গানই লিখি না কেন, গানে গানে গল্প বলতে চাই। আমার প্রতিটি গানে একটা বার্তা দিতে চাই। গত বছর বঙ্গবন্ধুর জন্মদিনে ‘বঙ্গবন্ধু’ শিরোনামে একটি গান লিখেছি। এ বছরও ‘আমি যুদ্ধ দেখিনি’ শিরোনামে আরেকটি গান লিখেছি। এছাড়াও গত বছর শেখ রাসেলের জন্মদিনে তাকে নিয়েও একটি গান লিখেছি।
ড. জলি জানান, স্কুল-কলেজে পড়ার সময় থেকেই লুকিয়ে লুকিয়ে ডায়রিতে গান লিখতাম। কখনও কাউকে দেখাতাম না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শাকুর মজিদের সঙ্গে পরিচয় হয়। তখন তাকে মাঝে মাঝে চিঠির ভেতর গান পাঠাতাম আর তিনি আমাকে তার লেখা কবিতা পাঠাতেন। আমি যে গান লিখি, সেটা শাকুর ছাড়া আর কেউ জানতো না। ১৯৯৩ সালে আমাদের বিয়ের পর সম্ভবত ১৯৯৯ সালে পার্থ বড়ুয়াকে আমার লেখা গান পাঠান শাকুর। এরপর পার্থ দা একটা গানের সুর করে আমাকে টেলিফোনে শোনালেন ‘আমি নদীকে বলেছি ও নদী’। সেদিনের সেই অনুভূতি আজও অনুভব করি।

