সম্পাদক

নিউজ ডেস্কঃ

গণঅধিকার পরিষদের জন্য ফান্ড কালেকশনের নামে প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থসহ দামি উপঢৌকন আদায় ও আত্মসাতের অভিযোগ উঠেছে সংগঠনটির নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে।

সম্প্রতি কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণ করেন নুর। সেসব দেশে গণঅধিকার পরিষদের শাখা কমিটি গঠনও করেন। কাতার ভ্রমণকালে ‘কাতার প্রবাসী অধিকার পরিষদ’ এর কমিটি গঠন করেছেন নুর। এ সময় তার বিরুদ্ধে গাড়ি নিয়ে কাতার প্রবাসী অধিকার পরিষদের সভাপতির পদ দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, কাতার প্রবাসী অধিকার পরিষদের এক অনুষ্ঠানে নুরুল হক নুরকে সভাপতি করা হয়েছে। সেখানে উপস্থিত শফিকুল নামে এক প্রবাসী নুরুল হক নুরকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিচ্ছেন। এ ছাড়া তিনি সারা বাংলাদেশে নুরকে ভ্রমণে সহায়তা করার আহ্বান জানাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক ভিপি নুর বিভিন্ন দেশে গিয়ে প্রবাসীদের নিয়ে ‘প্রবাসী অধিকার পরিষদ’ এর ব্যানারে গণঅধিকার পরিষদের শাখা কমিটি গঠন করছেন। আর এসব কমিটির পদ পেতে সেসব দেশের প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থসহ বিভিন্ন দামি উপঢৌকনও নিচ্ছেন। কাতারেও প্রবাসী শফিকুলকে সভাপতি পদের বিনিময়ে তিনি গাড়ি নিয়েছেন।

নুরের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অর্থ-ধর্ষণ কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।