সম্পাদক
বিনোদন ডেস্কঃ
বর্তমানে টালিউডের অনেক তারকাই নাম লিখিয়েছেন রাজনীতিতে। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই অভিনেতা দেব-হিরণ।
দিন কয়েক আগেই বিজেপির বিধায়ক হিরণ দুর্নীতি নিয়ে ব্যাপকভাবে আক্রমণ করেন দেবকে। ঘাটালের সাংসদ ধৃত এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি মালদ্বীপ থেকে ফিরেই অভিনেতার সেই মন্তব্যের কড়া জবাব দিলেন দেব।
হিরণ অভিযোগ করেছিলেন, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব এবং তার সঙ্গে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ। সেই সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, টালিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত। সে সুপারস্টার, মেগাস্টার হোন বা ছোটখাটো অভিনেতা। এমনকি শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকা লুট-চুরি করে দু’বছর জেলও খেটেছে।
সেই সময় মলদ্বীপে ভ্রমণে থাকায়, তখন এই প্রসঙ্গে দেবের কোনো উত্তর পাওয়া যায়নি। তাই সেখান থেকে ফিরেই এক অনুষ্ঠানের মাধ্যমে হিরণের আনা অভিযোগের কড়া জবাব দিয়েছেন তিনি।
এবিপি আনন্দকে দেব বলেন, ৫ কোটি টাকা নেওয়া হয়েছে এই বিষয়ে কোনো তথ্যপ্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে।
দেব আরও বলেন, হিরণ বা অন্য কেউ কী বলছে সেটা সত্যিই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। এক কথা কেন দশবার করে বলতে যাব? প্রথম দিন যখন প্রশ্ন করেছিলেন, তখনই উত্তর দিয়েছি। বারবার এক প্রশ্ন করলে জবাব একই থাকবে।
সেই সঙ্গে তার আয়ের সমস্ত হিসাব দিতেও রাজি আছেন বলে জানিয়েছেন দেব। বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দেব। তবু তাকে বিভিন্ন সময় ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হয় তাকে। তবু নিজের সৌজন্যবোধ হারাননি তিনি।
দেব আরও বলেন, হিরণ ভালো ছেলে। আমার মনে হয় বাকস্বাধীনতার অধিকার সকলের আছে। এই দেশে, এই রাজ্যে যে যা খুশি বলতে পারে।
খবর : আনন্দবাজার

