সম্পাদক
আন্তজাতিক ডেস্ক:
 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।তাকে লাহোরে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাসভবনটি সিল করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় টহল দিচ্ছে। বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে ইমরান খানকে এই কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। 

স্থানীয় গণমাধ্যম চ্যানেলগুলো শনিবার জানিয়েছে, বিচারক হুমায়ুন দিলাওয়ার ঘোষণা করেছেন যে দুর্নীতির সাথে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। ৭০ বছর বয়সী এই ক্রিকেটার ও রাজনীতিবিদের বিরুদ্ধে ২০১৮-২০২২ সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রীত্বের অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনা-বেচা করার অভিযোগ আনা হয়েছিল যা তাঁর বিদেশ সফরের সময় তিনি উপহার হিসেবে পেয়েছিলেন এবং এগুলোর বাজার মূল্য ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপিও বেশি। 

ইমরান খানের আইনজীবী ইন্তেজার পাঞ্জোথা রয়টার্সকে বলেন, পুলিশ ইমরান খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। আইনজীবী আরও বলেন 'আমরা হাইকোর্টে সিদ্ধান্তের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করছি'। 

উল্লেখ্য গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা আনা হয়েছে। ইমরান খান তাঁর বিরুদ্ধে উথাপিত সকল অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন যে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় দোষী সাব্যস্ত হলে নভেম্বরের প্রথম দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। সুত্র: আলজাজিরা