সম্পাদক

মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচিত গৃহবধূ মৌসুমী হত্যা মামলার প্রধান আসামী মৌসুমীর পাষণ্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় হত্যা মামলা দায়েরের পর ফুলবাড়ী থানা পুলিশের একাধিক চৌকস টিম এস আই জাহিদুল হকের নেতৃত্বে টানা ১৪ ঘন্টা অভিযান চালিয়ে হত্যা মামলার ১নং আসামী মোঃ রাশেদ আলীকে (২৭) সোমবার সকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজর মামুদ গ্রাম থেকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মৌসুমী আক্তারের সাথে প্রায় ০৪ বছর আগে প্রেম ভালোবাসার সম্পর্কে রাশেদ আলীর (২৭) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাশেদ আলী তার পিতা-মাতাসহ মৌসুমী আক্তারকে তার পিতার নিকট হতে যৌতুক বাবদ ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা নিয়ে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়। মৌসুমী তার গরীব পিতার কথা চিন্তা করে শ্বশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন।

ঘটনার দিন গত ০৭ আগস্ট সকালে যৌতুক লোভীরা যৌতুকের টাকা না পেয়ে মৌসুমীকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে প্রথমে মারপিট করে। মারপিটের ফলে সে অসুস্থ হলে আসামীগন তাকে ঔষুধ খাওয়ানোর কথা বলে কৌশলে একসঙ্গে ০৫টি ঘুমের ঔষুধ খাওয়ায়। ঔষুধ খাওয়ার পর সে অচেতন হয়ে গেলে আসামীগন আবারো তাকে হত্যা করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। মেরে হাত পায়ের হাড় ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এবং চিকিৎসা না করে বাড়িতেই ফেলে রাখে। খবর পেয়ে মৌসুমীর বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে নিস্তেজ ও অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সেখানে ৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ২ টার সময় মৌসুমীর মৃত্যু হয়। গত রোববার দুপুরে এ ঘটনায় নিহত গৃহবধূর চাচা নাসির আলী বাদী হয়ে স্বামী রাশেদ আলী, শ্বশুর তাজুল ইসলাম ও শ্বাশুড়ী রশিদা বেগমকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, মৌসুমী হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।