সম্পাদক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন হাওর এলাকার সুবিধাবঞ্চিত ৬০ মৎস্যজীবী পরিবারের মাঝে ফাইবার গ্লাসের তৈরি ২০টি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা ও জাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপদিঘি ইউনিয়ন পরিষদের সামনে নৌঘাটে আনুষ্ঠানিকভাবে এসব নৌকা বিতরণ করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।
হাওরাঞ্চলের জেলেদের জীবন-জীবিকার মান ও পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করছে সংস্থাটি। সিজেডএম কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২০১৯ সাল থেকে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এর আগে সংস্থাটি করিমগঞ্জ উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে ২৪টি, নিকলীতে ৪৩টি, বাজিতপুরে ২৩টি ও ইটনা উপজেলায় ২০টি এবং ২০১৮ সালে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ৩০৯ জেলে পরিবারের মধ্যে ১০৩টি এ ধরনের নৌকা বিতরণ করেছিল তারা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, একটি নৌকা তিনটি পরিবারকে দেওয়া হয়েছে। তারা যৌথভাবে নৌকাগুলো চালাবে। মাছ ধরার পাশাপাশি যাত্রী পরিবহনেও নৌকাগুলো কাজে লাগানো যাবে। প্রতিটি নৌকার দাম ৩ লাখ টাকা। নৌকা হস্তান্তরের আগে দুপুরে গোপদিঘি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিজেডএমের হেড অব অপারেশন কাজী আহমদ ফারুক, ডিজিএম শাহরিয়ার কবীর, এজিএম মনির ইবনে হাফিজ ভূঁইয়া ও সিনিয়র ম্যানেজার এনামুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজেডএমের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রউফ। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

