সম্পাদক

নিউজ ডেস্ক:

আজ শনিবার (১৪ অক্টোবর) ঢাকাসহ সারা দেশের মহানগর ও জেলা শহরে অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন করবেন দলটির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে এ অনশন করা হবে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর বিএনপি নেতারা জানান, অনশন কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতারাও অংশ নেবেন। এ ছাড়াও যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দেবেন।

এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট একই দাবিতে অনশন কর্মসূচি পালন করবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য জোটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বর) প্রতীকী অনশন ও গণদোয়া সমাবেশ হবে।

জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে এবং গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টির উদ্যোগে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবে।