সম্পাদক
নিউজ ডেস্ক:
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের হলরুমে এক আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ‘অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়েও করুণ হবে’ এমন বক্তব্য দেওয়ায় ওবায়দুল কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত।
শামসুজ্জামান দুদু বলেন, সবকিছুরই একটা শেষ আছে, এই সরকারেরও শেষ আছে। সরকারের পতন ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বাংলাদেশে সূর্য উঠবে।
তিনি বলেন, নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশ ধাবমান হচ্ছে। খালেদা জিয়াসহ জেলখানায় থাকা সবাইকে বের করে আনা হবে। বাংলাদেশ হবে গণতন্ত্রের ও স্বাধীন।
বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার এরশাদের পতন আওয়ামী লীগও দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। চলতি মাসেই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে।
এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ইসি বলে ‘নির্বাচনে কে এলো না-এলো দেখার বিষয় নয়।’ ঠ্যাং ভেঙে দেব, মগের মুল্লুক পাইছেন? জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসাভাড়া দেন। কে এলো না-এলো মানে?
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে বিশাল সমাবেশ করে হেফাজতে ইসলাম। ঢাকা অবরোধের ঘোষণা দেওয়া হয়। সেই সমাবেশ পরে অবস্থান কর্মসূচিতে পরিণত হলে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শাপলা চত্বর খালি করা হয়।

