ওমর ফারুক

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পৌর শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে রানা মোল্লা নামে একজনকে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এসময় তুষার নামে অপর একজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।

সোমবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় শহরের পৌর ঈদগাহ মাঠে এঘটনা ঘটে। নিহত রানা মোল্লা (৩৬) শহরের কাউরিয়া পাড়া মহল্লার সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃত আলী আকবর এর ছেলে।
 
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে পৌর ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিল রানা মোল্লা ও তুষার নামে তার এক সহযোগী। হঠাৎ পিছন থেকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এবং কোপাতে থাকে।

এসময় সন্ত্রাসীরা রানা মোল্লার গাঢ়ের উপর কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে ফেলে। তার সাথে থাকা তুষারও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়।

আহত অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহমুদুল কবির বাসার রানা মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন এবং গুলিবিদ্ধ তুষারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রানার মৃত্যু হয়। অপরজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা মামলা হওয়ার কোন খবর পাওয়া যায়নি।