সম্পাদক
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে নিবার্চনী আচরন বিধি ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করার পর বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। পরে সন্ধ্যায় তাকে জেলহাজতে প্রেরণ করে আদালত।
জানা যায়, গত বুধবার দুপুরে নরসিংদী ক্লাব লিমিটেডের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম হিরুকে বিজয়ী করার লক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে বলেন, ‘কোনো স্বতন্ত্র-মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই।
রিমনের দেয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ছাত্রলীগ সভাপতির বক্তব্যে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সনের রাষ্ট্রপতি আদেশ নম্বর ১৫৫)-এর ৭৩ ও ৮৪ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ধারা ১১ (ক)-এর লংঘনের অভিযোগ এনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নরসিংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার ওমর ফারুক বাদি হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
একই সাথে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছেন আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার রাতে এই কারণ দর্শানোর নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিলো তাকে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল গেট থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে নরসিংদী নিয়ে আসে। পরে বিকেলে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালতের সামনে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছে রিমন সমর্থকরা।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নরসিংদী ড. বদিউল আলম বলেন,‘আমরা অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দিতে চাই। এতে কেউ বাধা প্রদান করলে বা নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

