ওমর ফারুক
রিপন কান্তি গুণ, নেত্রকোনা সদর প্রতিনিধি;
নেত্রকোনার পূর্বধলা বালুঘাটা নামক স্থানে রেললাইনের স্লিপার খুলে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ফলে দুর্ঘটনার আশঙ্কায় জারিয়া-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেল কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জারিয়া বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ময়মনসিংহ-জারিয়া রেললাইনে নাশকতা ঘটাতে রেলের স্লিপারের নাট খুলে রেখে দেয় দুর্বৃত্তরা। আজ সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গেলে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে রেল কর্তৃপক্ষ রেল যোগাযোগ বন্ধ করে লাইন সংস্কার করে।
পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনির হোসেন বলেন, রেলপথের জারিয়া এলাকায় নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা লাইনের ১৪ টি স্লিপারের ২৮টি নাট খুলে রেখে দেয়। আজ সকাল পৌনে ৮টার দিকে ঐ এলাকায় দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান বিষয়টি আমাদের জানায়।
পরে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানালে দ্রুত লোক পাঠিয়ে রেলের সংস্কার করা হয়। বিষয়টি আগে জেনে যাওয়ায় জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৭২ নম্বর লোকাল ট্রেনটি ২ ঘণ্টা ৫ মিনিট থামিয়ে রেখে রেললাইন সংস্কার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম হোসেন জানান, ময়মনসিংহ-জারিয়া রেল রুটে পূর্বধলা বালুঘাটা এলাকার রেল ব্রিজ সংলগ্ন রেল লাইনের স্লিপার দীর্ঘদিন থেকেই পুরোনো ছিল।
পুরোনো স্লিপারে লাগানো বেশ কিছু হুক এবং নাট আগে থেকেই খোলা ছিল। মঙ্গলবার ভোরের কোনও একসময় দুর্বৃত্তরা সবগুলো নাট খুলে ফেলে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে রেল কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে নতুন স্ক্রু লাগিয়ে দেয়। তিনি আরও বলেন, বিষয়টি নাশকতা কিনা রেলওয়ে পুলিশ তা তদন্ত করছে।
জারিয়া এলাকার দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান বলেন, জেলেরা টের পেয়ে আমাকে জানালে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে অবহিত করি। পরে তারা ট্রেন থামিয়ে লাইন সংস্কার করে।
পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান বলেন, স্লিপারের নাট খুলে রেখেছিল দুর্বৃত্তরা। বিষয়টি টের পেলে কর্তৃপক্ষের সহযোগিতায় সেটি সংস্কার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রেলপথটি বেশ পুরাতন হওয়ায় এমন আরও নাট খোলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

