সম্পাদক
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান দেশে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে তাৎক্ষণিক সমন্বয় করা হবে। এজন্য আগামী দু-এক মাসের মধ্যে ‘ডায়নামিক ডেইলি প্রাইসিং মেথড’ ব্যবস্থা চালু করা হবে।
তিনি বলেন, আমরা চাচ্ছি আগামী কয়েক বছরের মধ্যে যাতে ভর্তুকি থেকে বিদ্যুৎ-জ্বালানি বেরিয়ে আসে। জ্বালানি ক্ষেত্রে যাতে ডায়নামিক প্রাইসিং আসে। যাতে এটা সহনীয় পর্যায়ে হয়।
নসরুল হামিদ বলেন, ভারতে যেমন সকাল-বিকেল জ্বালানির মূল্য পরিবর্তন হয়। আমরা ঠিক সে রকম মেকানিজমের দিকে যাচ্ছি। যখন দাম কমবে, তখন দাম কমানো হবে। যখন দাম সমন্বয় করা দরকার তখন সমন্বয় হবে। এ বিষয়গুলো মাথায় রেখেই একটা ডায়নামিক প্রাইসিং হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ খুবই বড় একটা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। প্রায় ১২ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ নিয়ে আমরা কাজ করছি। আগামী মাসগুলোর মধ্যে নেপালের বিদ্যুৎ আনতে চুক্তি সই হবে। নবায়নযোগ্য জ্বালানি চলে আসবে। আগামী দুই বছরের মধ্যে দুই হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি ঢুকবে।
তিনি আরও বলেন, যারা ঢাকার বাসিন্দা তাদের জন্য সুখবর হলো- আগামী পাঁচ বছরের মাথায় আমরা চেষ্টা করছি ঢাকার যত বিদ্যুতের লাইন আছে মাটির নিচ দিয়ে চলে যাবে। ইতোমধ্যে ধানমন্ডিতে কাজ শুরু হয়েছে।

