ওমর ফারুক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া গানের অনুষ্ঠানের আয়োজক কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় আজ শনিবার অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিহত শরীফ উদ্দিন (২০) সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা গ্রামের হোসেন উদ্দিনের ছেলে। আহতেরা হলেন, একই গ্রামের শাহজাহানের ছেলে আজাদ মিয়া (২১) ও সুরুজ মিয়ার ছেলে লিটন মিয়া (৪০)। আহত আজাদ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও লিটন মিয়া পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

হতাহত সকলেই দর্শক ছিলেন। পাকুন্দিয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়ার উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামে বৈশাখ উপলক্ষে গানের অনুষ্ঠান চলাকালে হঠাৎ গান বন্ধ হয়ে যায়।

এ সময় গানের আয়োজক কমিটির সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় গান শুনতে আসা কিছু যুবক। সংঘর্ষে শরীফ উদ্দিন, আজাদ মিয়া ও লিটন মিয়া গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ উদ্দিন ও আজাদ মিয়াকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শরীফ উদ্দিনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য আজাদ মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।