সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে বহুতলে আগুন লেগে ৪০ ভারতীয়-সহ ৪৯ জন নিহত হয়েছে। ওই বহতলে একটি সংস্থার শ্রমিকরা থাকতেন। একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে। কুয়েতের মানগাফ শহরে বুধবার ভোট ছয়টা নাগাদ এই আগুন লাগে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৫ জন শ্রমিক ওই বাড়িতে থাকতেন। আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে।
যখন আগুন লাগে তখন অনেকেই ঘুমাচ্ছিলেন। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। তাদের ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
মৃতদের মধ্যে অনেকে কেরালার বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিও লিখেছেন।
কুয়েতের আমির শেখ আল-আহমেদ-আল-জাবের আল-সাবাহ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে।
কুয়েত টাইমস জানিয়েছে, উপ প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বাড়ির মালিক, তত্ত্বাবধায়ক ও কোম্পানির মালিককে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।
ভারতীয় ছাড়া পাকিস্তান, নেপাল, মিশর ও ফিলিপাইন্স থেকে আসা শ্রমিকরা মারা গেছেন। কুয়েতের জনসংখ্যার মোট ২১ শতাংশ ও শ্রমিকদের মধ্যে ৩০ শতাংশ হলেন ভারতীয়। খবর: ডিডব্লিউ

