সম্পাদক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মিঠামইন উপজেলার সদরের বাহিরে সবচেয়ে বড় হাটবাজার ঘাগড়া ইউনিয়নে।গত তিন দিনে অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে বাজারে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঈদের দিন থেকে বৃষ্টি শুরু হওয়ায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে হাজারো মানুষ। দূর দূরান্ত থেকে আসা মানুষ ঈদের ছুটি শেষে বৃষ্টির কারণে যেতে পারছে না কর্মস্থলে।
অন্য দিকে বাজারে দোকান বন্ধ থাকায় ক্রেতারা বিপাকে।বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতার কারণে মানুষ চলাচল করতে পারছে না।নেই পানি অপসারণের কোনো ব্যবস্হা।সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দীনের সময়ে পানি অপসারণের জন্য ড্রেনেজ ব্যাবস্থা কথা থাকলেও তিনি কাজটি করে যেতে পারেননি।অন্য দিকে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে অলওয়েদার সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে।
ঘাগড়া বাজারের ব্যবসায়ী মো: আশিক মিয়া ও সবজি ব্যবসায়ী রতন দেবনাথ জানান তিন দিন যাবৎ দোকান বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে দোকান খোলা সম্ভব হবে না। মালামাল ও পঁচে নষ্ট হচ্ছে। ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া জানান,তিনি চেয়ারম্যান হওয়ার পর নতুন করে বাজারে ড্রেনেজ ব্যাবস্থা করেছেন কিন্তু অলওয়েদার সড়ক ভেঙ্গে নতুন করে কালবার্ড স্হাপন না করলে জলাবদ্ধতা নিরসন হবে না। তবে পানি অপসারণের বিকল্প ব্যাবস্থা পরিকল্পনা করছেন।
মিঠামইন উপজেলা প্রকৌশলী মো: ফাইজুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপাতত রাস্তা মেরামতের জন্য ঘাগড়া চেয়ারম্যান সাহেবকে বলবেন প্রাথমিক ভাবে রাস্তার ভাঙ্গন রোধের ব্যাবস্থা নেওয়ার জন্য পরবর্তীতে স্থায়ী সমাধান করবেন বলে জানান।

