সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
শনিবার গাজা সিটির একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত অঞ্চলের কর্মকর্তারা এ কথা জানান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ফিলিস্তিনি ছিটমহলের উত্তরে “গাজা সিটিতে হামাসের দুটি সামরিক অবকাঠামোতে” আঘাত হেনেছে।
গাজার কর্মকর্তারা জানান, ছিটমহলের উত্তরে গাজা সিটির একাধিক স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। ইসরায়েল বলেছে, তারা শুধু হামাসের এলাকাগুলোকে ‘টার্গেট’ করেছে।
ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং আরো অনেক দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির দুটি এলাকা থেকে এলাকা থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের কাছে মুওয়াসির এক শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হন, কমপক্ষে ৫০ জন আহত হন।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) শনিবার বলেছে, “রেড ক্রসের সুবিধাকেন্দ্রের উপর আইডিএফ সরাসরি কোনো আক্রমণ করেনি।” তারা বলেছে, এই ঘটনার তদন্ত চলবে। এ ছাড়াও “আমাদের আন্তর্জাতিক অংশীদারদের ফলাফল জানানো হবে”। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল এই ঘটনার “স্বতন্ত্র তদন্ত” করার আহ্বান জানান।

