সম্পাদক

নিউজ ডেস্ক:

মারা গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা ‘জল্লাদ’ শাহজাহানের বোন ফিরোজা বেগম জানান, ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার কাছে হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যাথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক, যুদ্ধাপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী ও জেএমবির দুই শীর্ষ জঙ্গির জীবনের শেষ ক্ষণের সাক্ষী ছিলেন শাহজাহান।

গত বছরেরে ১৮ জুন ৩২ বছর কারাভোগের পর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। নতুন জীবন শুরু করার আশায় ওই বছরই ২১ ডিসেম্বর বিয়ে করেন সাথী আক্তার ফাতেমা (২৩) নামের এক টিকটকার তরুণীকে। প্রতারনার শিকার হয়ে সংসার করতে পারেনি তিনি।

১৯৫০ সালের ২৬ মার্চ জন্ম নেওয়া শাহজাহান নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।তার মায়ের নাম মেহের। কারাগারের নথি বলছে ১৯৯২ ও ৯৫ সালের দুটি ডাকাতি ও হত্যা মামলায় তার মোট ৪২ বছরের কারদণ্ড হয়। পরে সেই সাজা কমে ৩২ বছর করা হয়। প্রতি ফাঁসি কার্যকরের জন্য দুই মাসের সাজা রেয়াত পেয়েছেন, নামের আগে ‘জল্লাদ’ পরিচিতি পান শাহজাহান। এই হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করেই তার সাজা কমেছে সোয়া চার বছর। আর ভালো আচরণ এবং অন্যান্য কারণে কারাবিধি অনুযায়ী কমেছে আরও কিছু সাজা।