নিউজ ডেস্ক
সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা জাতীয় ঐক্যের ডাক দিতে হবে।তবে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান করেছেন তিনি।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত কয়েক দিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ সেই উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানাতে এসেছি। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন।তিনি বলেন, আমরা একই সাথে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি। এই বিষয়ে তাদের সামনে তুলে ধরেছি। টিসিবির ট্রাকগুলো বাড়ানোর কথা বলেছি। এলাকাভিত্তিক বাড়ানোর কথা বলেছি।
মির্জা ফখরুল বলেন, আমরা সরকার প্রধানকে জানিয়েছি, এই মুহূর্তে সব চেয়ে বেশি প্রয়োজন নির্বাচন সংস্কারগুলো সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
এদিন সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

